জামালপুরের ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন থেকে ঈদুল আজহা (কোরবানির ঈদ) উপলক্ষ্যে ৮০০ গরু নিয়ে দুটি বিশেষ ক্যাটল ট্রেন ঢাকায় পৌঁছেছে। ট্রেনে পশু পরিবহন খরচ কম, ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকিও নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে প্রথম ট্রেনটি ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় গিয়ে পৌঁছে। রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথম ট্রেনের ২৫টি ওয়াগনের প্রতিটিতে ১৬টি করে ৪০০টি এবং রাত ১০টার দিকে দ্বিতীয় ট্রেনটি ৪০০টি গরু নিয়ে ছেড়ে যায়। ভোরের দিকে ট্রেন দুটি ঢাকায় গিয়ে পৌঁছে। গত বছরের চেয়ে এ বছর চাহিদা বেশি থাকায় দুদিন ট্রেনের এ সার্ভিস চালু থাকবে।
কয়েকজন গরু ব্যবসায়ী জানান, ‘ট্রেনের সেবাটি চালু থাকায় আমরা অনেক খুশি। আগে এক ট্রাক গরু ঢাকা নিয়ে গেলে খরচ হতো ২০ থেকে ২২ হাজার টাকা। এখন মাত্র ৮ হাজার টাকায় ১৬টি গরু এক ওয়াগনে সহজেই নিয়ে যাওয়া যায়।’ ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহিন মিয়া বলেন, ‘ট্রেনে খরচ কম ও নিরাপদ পশু পরিবহন করা যায়।
ট্রেনে পশু পরিবহনে খরচ কম হওয়ায় ট্রেনে গরু নিতে মানুষ আগ্রহ বেশি। অন্যান্য বছরের তুলনায় এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এ সেবাটি দুদিন পর্যন্ত চালু থাকবে।’
