বিশ্ববিদ্যালয়ের গাড়িতে  ঢাকায় ছাত্রলীগ নেতারা

আপডেট : ১৪ জুন ২০২৪, ০২:৩৪ এএম

জামালপুরের মেলান্দহের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক কাউসার আহাম্মেদ স্বাধীনসহ ছয়জন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী বহনকারী গাড়ি নিয়ে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে যাওয়ার অভিযোগ উঠেছে। এদিকে ভাড়া নিয়ে চলছে ওই বিশ্ববিদ্যালয়ের পরিবহন কাজ। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারী ও ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছাত্রলীগের আহ্বায়ক কাউসার আহমেদ স্বাধীনসহ ছয় ছাত্রলীগের নেতা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী বহনকারী মাইক্রোবাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। তার সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশসহ আরও চারজন ছাত্রলীগ নেতা রয়েছে। গতকাল দুপুর ১২টা পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ে গাড়ি নিয়ে ফিরে আসেননি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা জানান, বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই বছর আগে ছাত্রলীগের প্রথমবারের মতো আহ্বায়ক কমিটি দেওয়া হয়। এরপর আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি। ঈদের পরে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হওয়ার কথা রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ ছয়জন নেতা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে গেছেন। ওই গাড়িতে বাবু মিয়া নামে একজন চালক দায়িত্ব পালন করছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রলীগ নেতা বলেন, ‘তারা ছয়জন মূলত ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে গেছেন। ক্যাম্পাস থেকে ভোরে মাইক্রোবাস নিয়ে তারা ঢাকার উদ্দেশে রওনা হয়।’

পরিবহন পুলের আহ্বায়ক ও সহকারী অধ্যাপক পার্থ সারথি দাস বলেন, ‘গাড়িটি আমাকে না জানিয়ে নিয়ে গেছে। এ বিষয়টি আমি গতকাল জানতাম না, আজ (গতকাল) আমি বিষয়টি জেনেছি। আমি এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বলেন, ‘গাড়ি নেওয়ার বিষয়টি জানা নেই আমার। বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেছে, চলে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত