ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

আপডেট : ১৪ জুন ২০২৪, ১০:৪৪ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার (১৪ জুন) দুপুরের পর থেকে এ যানজট গৌরীপুর এলাকা ছাড়িয়ে গেছে। সন্ধ্যার পর যানজটের আকারও বাড়তে থাকে। রায়পুরে ১০কিলোমিটার পর্যন্ত যানজট দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের ঢাকমুখী লেনের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে শুরু হয়ে গৌরীপুর পার হয়ে রায়পুরে গিয়ে ঠেকেছে। মহাসড়কে গণপরিবহনের তুলনায় প্রচুর ব্যক্তিগত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়। যানজটের পাশাপাশি মহাসড়কের পাশের সিএনজি পাম্প স্টেশনগুলোতেও যানবাহনের প্রচুর চাপ রয়েছে।

ঢাকামুখী লেনে অতিরিক্ত যানবাহনের চাপের ফলে যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনূর ইসলাম। 

তিনি বলেন, ঈদকে ঘিরে মহাসড়কের উভয় লেনেই গাড়ির বাড়তি চাপ রয়েছে। তবে মহাসড়কে কোথাও যানজট না থাকলেও টোলপ্লাজায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়ে ঢাকমুখী লেনে যানজটের সৃষ্টি।

পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাতুল আলম বলেন, টোলপ্লাজা এলাকায় পরিদর্শন করে দেখা গেছে অন্যান্য সময়ের তুলনায় যানবাহনের চাপ কয়েকগুন। একারণেই যানজটের সৃষ্টি হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত