নেতার বিরুদ্ধে নেত্রীর শ্লীলতাহানির অভিযোগ

আপডেট : ১৬ জুন ২০২৪, ০২:৪০ এএম

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া পারভিনকে শ্লীলতাহানির অভিযোগে সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম এহতেশামুল হক বিপ্লবের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার ফেনীর আদালতে এ-সংক্রান্ত মামলা করার পর বিচারক অভিযোগ তদন্ত করে সোনাগাজী মডেল থানার ওসিকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, আবছার উদ্দিন প্রাথমিক বিদ্যালয়টি বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ২০ মে সকালে স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে নেতৃত্ব দেন চরচান্দিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া পারভিন। এতে ক্ষিপ্ত হয়ে গোলাম এহতেশামুল হক বিপ্লব রোকেয়াকে হুমকি-ধমকি দিতে থাকেন। ওইদিন বিকেল ৪টার দিকে সোনাগাজী উপজেলা শহরের জিরোপয়েন্টে রোকেয়াকে একা পেয়ে বিপ্লব অকথ্য ও অশালীন ভাষায় গালাগাল শুরু করেন। রোকেয়া এর প্রতিবাদ করার চেষ্টা করলে বিপ্লব তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এতে রোকেয়ার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় রোকেয়ার কাপড়-চোপড় টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করেন।

এ বিষয়ে রোকেয়া পারভিন বলেন, ‘আমি একটি স্কুল বাঁচানোর আন্দোলন করছি। কারও রক্ত চক্ষুকে ভয় করি না। বিপ্লব আমার সঙ্গে যা করেছে সেই ঘটনায় আদালতে মামলা করেছি। আদালত বিষয়টি তদন্ত করে সোনাগাজী থানার ওসিকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে গোলাম এহতেশামুল হক বিপ্লব মামলার বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ রায় জানান, রোকেয়া পারভীনের মামলা সংক্রান্ত কোনো আদেশ এখনো সোনাগাজী থানায় এসে পৌঁছায়নি। আদালতের নির্দেশনা পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত