আগামীকাল পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি। এই ঈদে সামর্থ্যবান মুসলমানরা কোরবানি করে থাকেন। ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা বাড়তে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে।
গতকাল শনিবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের দিন সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে। দুপুর থেকে কোথাও কোথাও বৃষ্টি শুরু হতে পারে। বিকেলে বৃষ্টি বাড়তে পারে। সন্ধ্যার পর বৃষ্টি আরও বাড়তে পারে। বজ্রপাতও হতে পারে। উত্তরাঞ্চল ও সিলেটে ভারী বৃষ্টির আশঙ্কা আছে। ফলে সেখানে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।
চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অবশ্য ঈদের দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। বলা হয়েছে, এই সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
