ঈদের রাতে আগুনে পুড়ে ছাই বসতবাড়ি 

আপডেট : ১৮ জুন ২০২৪, ০২:৫৮ পিএম

ঈদের রাতে ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব হয়েছে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালি গ্রামের একটি পরিবার। সব হারিয়ে পরিবারটির ঈদের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। গভীর রাতে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাবেক ইউপি সদস্য বাচ্চু হাওলাদারদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  খবর পেয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম এসকান্দার হাওলাদারের ওই বাড়িতে তার ছেলে মাসুদ হাওলাদার বসবাস করেন। ঈদে পরিবারের অন্য ছেলেরাও স্ত্রী সন্তান নিয়ে ওই বাড়িতে আসছেন। ঈদের দিন রাতে খাওয়া-দাওয়া সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে তিনটার দিকে ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙ্গে যায় মাসুদ হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগমের। 

তাসলিমা বেগম জানান, ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙে দেখেন রান্নাঘরে আগুন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যদের ঘুম ভেঙে যায়। পরে সবাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে গ্যাস সিলিন্ডার থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। ফলে ফায়ার সার্ভিস আসার আগেই বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

পরিবারের মেজো ছেলে সাবেক ইউপি সদস্য বাচ্চু হাওলাদার জানান,  রাতে খাবার শেষে বাড়ি থেকে দুমকি উপজেলা সদরের বাসায় ফেরেন।  ভোররাতে আগুনের খবর পেয়ে বাড়ি এসে দেখতে পান সবকিছু পুড়ে গেছে। মালামাল ছাড়াও ঘরে থাকা ১৫ মন মুগডাল, ১০ মন চালও পুড়ে যায়। শ্রীরামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা জানান, ভয়াবহ অগ্নিকান্ডে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। 

ঘটনাস্থল পরিদর্শন করে দুমকির উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ বলেন, আমরা যা ধারণা করেছিলাম এখানে আগুনের ভয়াবহতা তার চেয়েও বেশি ছিল। পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা সম্ভব সর্বাত্মক দেয়ার চেষ্টা করবো।

এদিকে বিকেলে  আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করার কথা রয়েছে স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত