অভিনেত্রী সন্ধ্যা রায় এখন কেমন আছেন?

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৪:৫১ পিএম

বুকে অস্বস্তি বোধ করছিলেন। সঙ্গে শ্বাসকষ্টও ছিল। এ কারণেই ভারতের দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় বষীয়াণ অভিনেত্রী সন্ধ্যা রায়কে। গত সোমবার অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে শোনা যায়, এর দুই দিন আগেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সূত্রের খবর, সন্ধ্যা রায়ের শরীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। ইতিমধ্যেই তার ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি ও রক্তসহ বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল তার নিয়মিত দেখাশোনা করছেন।

শোনা গেছে, প্রেসারের সমস্যা রয়েছে অভিনেত্রীর। উচ্চরক্তচাপে ভুগছেন তিনি। পাশাপাশি আবার সুগার রয়েছে। তাই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। পরিস্থিতি ঠিক থাকলে দুই-তিন দিন পর সন্ধ্যা রায়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

নবদ্বীপে জন্ম সন্ধ্যা রায়ের। জন্মের কিছুদিন পর বাংলাদেশ চলে এসেছিল তার পরিবার। পরে ১৯৫৭ সালে ভারতে ফেরেন সন্ধ্যা রায় ও তার পরিবারের সদস্যরা। সিনেমার জগতে তার প্রবেশ ছয়ের দশকে। ‘মায়া মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’, ‘অশনী সংকেত’, ‘দাদার কীর্তি’, ‘ভ্রান্তিবিলাস’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ঠগিনী’, ‘রাহগির’, ‘নবাব’, ‘সত্য মিথ্যা’ ‘বাবা তারকনাথ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

আটের দশকের মাঝামাঝি সময়ে প্রথমসারির অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়। তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। ভোটে জিতে মেদিনীপুরের সংসদ সদস্য হন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত