দুর্নীতি নিয়ে অনুমান ভিত্তিক কথাবার্তা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২৪, ০৬:১৯ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যতদূর জানি অনুমানভিত্তিক কথাবার্তা চলছে। তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে ঈদ-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনারের সম্পদ বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান বলেন, তাকে এখনো ডাকা হয়নি। নিশ্চয়ই তার কোনো ব্যাখ্যা রয়েছে। নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। তাকে কথা বলার সুযোগ দিতে হবে। সুযোগ পেলে তিনি আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার সম্পদ কতখানি অবৈধ, কত সম্পদ তিনি বৃদ্ধি করেছেন। তিনি আরও বলেন, আরেকটা কথা বলতেই হয়, আজ থেকে ১০ বছর আগে যে জমির দাম ১০ লাখ টাকা ছিল, সেই জমির দাম এখন ২ কোটি বা ৪ কোটি টাকা হয়েছে। বহুগুণ বৃদ্ধি হয়েছে সম্পদের মূল্য। সেজন্যই যার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাকে এসে উত্তর দিতে হবে। তিনি যদি ব্যাখ্যা দিতে পারেন তাহলে সব কিছুই মিটমাট হয়ে যায়। তিনি এসবের জবাব দেবেন, যদি জবাব দিতে না পারেন, তখন তাকে দুর্নীতিবাজ বলা যাবে, তার আগে নয়।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে তিনি বলেন, বেনজীর আহমেদ মিশনে বিদেশে বহুবছর ছিলেন, সেই মিশন থেকে তিনি কত টাকা এনেছেন, এসব তাকে বলতে হবে। সেই টাকা কতগুণ বৃদ্ধি পেয়েছে, সেগুলো তিনি জানেন, আমরা জানি না। যেহেতু তার নামে অভিযোগ এসেছে, তিনি এর জবাব দেবেন বলেও জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত