‘সিলেটের বন্যার দুর্গতি অনেকটা মানবসৃষ্ট’

আপডেট : ২২ জুন ২০২৪, ০১:৪৬ এএম

সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি অভিযোগ করে বলেছেন, ‘এই বন্যার দুর্গতি অনেকটা মানবসৃষ্ট। কেবল প্রকৃতির দোহাই দিয়ে বন্যাজনিত বিপর্যয়ের দায়দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না।’ গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

সাইফুল হক বলেন, ‘উজানে নদীর ওপর নির্মিত সব স্লুইসগেট একসঙ্গে খুলে দেওয়া, উন্নয়নের নামে অপরিকল্পিত বাঁধ, অবকাঠামো নির্মাণ, খাল, জলাশয়, নদী ভরাটের কারণে বন্যাজনিত দুর্ভোগ ক্রমে বেড়ে চলেছে। হাওরের বুকচিরে আত্মঘাতী সড়ক নির্মাণ পরিস্থিতির দ্রুত অবনতি ঘটাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলবীবাজার, হবিগঞ্জ, উত্তরবঙ্গে তিস্তা অববাহিকাসহ দেশের এক বড় অঞ্চলের মানুষ এখন বন্যাদুর্গত। এদের এক অংশের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। দুর্গত অঞ্চলের মানুষ চরম কষ্টে দিন পার করছে। কোনো কোনো এলাকায় সুপেয় পানিরও অভাব দেখা দিয়েছে। লাখ লাখ মানুষের কাছে এখনো পর্যন্ত সরকারি খাদ্যসহ কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি।’ সাইফুল হক অনতিবিলম্বে বন্যাদুর্গত অঞ্চলে খাদ্য, নগদ অর্থসহ পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছানোর দাবি জানান। তিনি বন্যা-পরবর্তী পুনর্বাসনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত