অ্যান্টিগাতে কি অ্যাডিলেড ফেরাতে পারবেন লিটন

আপডেট : ২২ জুন ২০২৪, ০৬:১৯ পিএম

লিটন দাস তখন ফর্মের তুঙ্গে। অনেকের চোখে তখন তিনি ক্রিকেটের পাবলো পিকাসো বা ভ্যানগগ। তিনি ব্যাট হাতে নামলে বাইশ গজকে অনেকে দেখতেন ক্যানভাস হিসেবে আর ব্যাট হয়ে যেত তুলি। বেশি না বছর দুয়েক আগের কথাই। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় তখন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। ভারতের বিপক্ষে লিটনের ব্যাটের নান্দনিক শটগুলোর মাঝে চিত্রকর্ম দেখছিলেন কেউ কেউ। এস চিত্রকর্ম তখন অমরত্বেরও দাবি তুলতো।

সুপার টুয়েলভের ম্যাচে ভারত আগে ব্যাট করে ১৮৪ রান করেছিল। সেই রান তাড়ায় নেমে লিটন ২৭ বলে ৬০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন। যা সাজিয়েছিলেন ৭ চার ও ৩ ছক্কায়। ২২২.২২ স্ট্রাইক রেটটাও চোখ কপালে ওঠার মতোই ছিল। শান্তের সঙ্গে ওপেন করতে নেমে যেন নিজের জাতটাই চিনিয়েছিলেন।

অ্যাডিলেইডের ৬০ রানের সেই ইনিংসের একটি মুহূর্ত।

কিন্তু দুই বছরের ব্যবধানে লিটন ফর্ম হারিয়ে নিজেকে খুঁজে চলেছেন। বিশ্বকাপের গত আসরেও তার বলার মতো স্কোর ছিল ঐ ভারতের বিপক্ষে ইনিংসটাই। সেবার তিনি ২৫ গড়ে ৫ ম্যাচে করেছিলেন ১২৭ রান। স্ট্রাইক রেট ১৪২। এক ম্যাচে ৬০ করলেও বাকি ৪ ম্যাচে করেছিলেন ৬৭।

কিন্তু এবার তার অবস্থা আরও নাজুক। এরই মধ্যে খেলে ফেলেছেন ৫ ম্যাচ। তবে রান মাত্র ৭২। ১৪ গড় আর স্ট্রাইক রেট ৮০। সর্বোচ্চ ৩৬ শ্রীলঙ্কার বিপক্ষে। যা একজন ওপেনার ও অভিজ্ঞ লিটনের নামের পাশে বেমানান। গত আসরেও ভারত ম্যাচের আগে বিশ্বকাপে লিটনের বলার মতো স্কোর ছিল না তেমন। কিন্তু ভারতকে পেয়েই তিনি জ্বলে উঠেছিলেন। খেলেছিলেন এমন এক ইনিংস, যা দেখে ক্রিকেটের শিল্পী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছিল তাকে।

আজ রাতে আবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি তাই জ্বলে উঠতে পারবেন লিটন, ফেরাতে পারবেন অ্যাডিলেডের সেই স্মৃতি। নাকি আরও একবার দেখা যাবে তার ড্রেসিং রুমে ফেরার তাড়া। সেটা দেখা যাবে রাত সাড়ে ৮টায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত