বগুড়ার শেরপুরে পুুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসে ৪০০ গ্রাম ওজনের একটি মূর্তি। এটি স্বর্ণের মূর্তি ভেবে জেলেরা নিজেদের মধ্যে ভাগাভাগি করতে গেলে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। গতকাল শনিবার বিকেলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার বিকেলে মূর্তিটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৮ জুন মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের জেলে সুধন, শ্রীমন, অর্জুন, অমল ও সুদেব আম্বইল গ্রামের মাছচাষি ফকর উদ্দিন আহম্মেদ লিটনের পুকুরে মাছ ধরতে যান। এ সময় তাদের জালের মধ্যে মাছের সঙ্গে মূর্তিটি উঠে আসে। তখন তারা মূর্তিটি গোপনে শ্রীমনের কাছে গচ্ছিত রাখেন। পরের দিন শ্রীমন জানান, মূর্তিটি হারিয়ে গেছে। খবর পেয়ে গত শুক্রবার বিকেলে পুলিশ মির্জাপুর এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করে। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘ধারণা করা যাচ্ছে, এটি স্বর্ণের নয়।’
