সামাজিক স্থিতিস্থাপকতা প্রোগ্রাম দ্বিতীয় পর্যায়ে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে কোরিয়ান এক্সিম ব্যাংক। ইডিসিএফ প্রোগ্রামের অধীনে নমনীয় এ ঋণের বার্ষিক সুদের হার ১ শতাংশ। সাত বছরের গ্রেস পিরিয়ডসহ এ ঋণ পরিশোধ করা যাবে ২৫ বছরে। গতকাল সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও কোরিয়ান এক্সিম ব্যাংকের মধ্যে এ-সংক্রান্ত একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইআরডি।
ইআরডির পাঠানো তথ্যে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে ইডিসিএফ প্রোগ্রাম ফর ‘সেকেন্ড স্ট্রেংদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম, সাবপ্রোগ্রাম-১’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১০ কোটি মার্কিন ডলার ঋণ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে নির্বাহী পরিচালক হোয়াং কিওন ঋণ চুক্তি স্বাক্ষর করেন।
এই কর্মসূচির উদ্দেশ্য হলো বাংলাদেশের সামাজিক স্থিতিস্থাপকতা জোরদার এবং সুরক্ষার অন্তর্ভুক্তি ও প্রতিক্রিয়াশীলতা বৃদ্ধি করা।
