সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়ের গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার কথা থাকলেও তারা হাজির হননি। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয়েছিল। তবে তারা লিখিত বক্তব্য পাঠিয়েছেন বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।
দুদক সচিব সাংবাদিকদের বলেন, সোমবার বেনজীরের স্ত্রী ও সন্তানদের দুদকের হাজির হওয়ার তারিখ নির্ধারিত ছিল। তারা হাজির হননি। তারিখ বাড়ানোর জন্য কোনো আবেদন দেননি। তবে তারা লিখিত একটি বক্তব্য দিয়েছেন। যেখানে তাদের অবস্থান বর্ণনা করেছেন। এই লিখিত আবেদন বেনজীর আহমেদের আবেদনের সঙ্গেই গত বৃহস্পতিবার দুদকে জমা দিয়েছেন। এখন দুদক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।
দুদক সচিব বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দুদকের অনুসন্ধানকারী দল প্রতিবেদন দেবে। সে প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। অন্যান্য অভিযোগের ক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া চলে, এখানেও তাই চলবে।
দুদকের তথ্যমতে, অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞসাবাদের জন্য বেনজীর আহমদে ও তার স্ত্রী-সন্তানকে গত ২৮ মে নোটিস দেয় দুদক। নোটিসে বেনজীর আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানকে ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য উপস্থাপনের জন্য বলা হয়। কিন্তু বেনজীর আহমেদ দুদকে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে ১৫ দিনের সময় চেয়ে আবেদন করেন। দুদক ওই আবেদনের ভিত্তিতে বেনজীর আহমেদকে ২৩ জুন এবং তার স্ত্রী-সন্তানদের ২৪ জুন হাজির হওয়ার তারিখ নির্ধারণ করে। কিন্তু তারা কেউই দুদকে হাজির হননি। বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তান অভিযোগের বিষয়ে ২১ জুন লিখিত বক্তব্য পাঠান দুদকে।
