সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং আগের পেনশন স্কিম চালু রাখার দাবিতে টানা তিন দিনের অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার (২৫ থেকে ২৭ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। তবে চলমান পরীক্ষাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া বলেন, আমরা আজকে আগামীকাল ও পরশুদিন অর্ধদিবস কর্মবিরতি পালন করবো। এর মাঝে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী ৩০ জুন আমরা পূর্ণ কর্মবিরতি শুরু করবো। এক্ষেত্রে পরীক্ষাসমুহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। তবে এরপরও যদি আমাদের দাবি না মানা হয় তাহলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচি শুরু হবে। সেদিন থেকে কোনো ক্লাস চলবে না, পরীক্ষাও বন্ধ থাকবে দাবি আদায়ের আগ পর্যন্ত।
সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, আমাদের তিনদিনের অর্ধদিবস কর্মবিরতি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আগামী ৩০ তারিখ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব আমরা। দাবি আদায় না হলে ১ জুলাই থেকে লাগাতার কর্মবিরতিতে যাব আমরা।
প্রসঙ্গত, এর আগে গত ২০মে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং আগের পেনশন স্কিম চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
হেলমেট পরে সাবেক ইউপি সদস্যের কানে গুলি করে দুর্বৃত্তরা
সাহায্যের জন্য সহকর্মীদের আবেগঘন বার্তা পাঠাচ্ছেন মতিউর
বেনজীর এখন কোথায়?