বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সেবা গ্রহণে যেকোনো ধরনের হয়রানির শিকার হলে তা তাৎক্ষণিক জানানোর আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। পাশাপাশি বিএসটিআইর সেবা প্রদানে গতিশীলতা আনয়ণের পরামর্শসহ পণ্য রপ্তানিতে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না সে বিষয়েও অবহিত করার অনুরোধ জানান তিনি। গতকাল মঙ্গলবার বিএসটিআই-এর প্রধান কার্যালয়ে বিএসটিআইর কর্মকান্ডে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে স্টোক হোল্ডারদের নিয়ে গণশুনানিতে তিনি এ আহ্বান জানান।
বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলমের সভাপতিত্বে গণশুনানিতে বিএসটিআইর পরিচালকরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসটিআই আয়োজিত গণশুনানিতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, স্বপ্ন, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, সেফ ইন্টারন্যাশনাল, সজীব গ্রুপ, ইনসিস্ট সিমেন্ট, আর আর ক্যাবলস, ভাগ্যকুল মিষ্টান্ন ভা-ার, বনফুল কোং, এসিআই লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ফুওয়াং ফুডস লিমিটেডসহ বিভিন্ন ব্যবসায়ী ও সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
