অনেক দিন ধরেই গুঞ্জন, অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় প্রেম করছেন। সম্পর্কের প্রথম দিন থেকেই তারা খবরের শিরোনামে। এরপর নানা কারণে এই গুঞ্জন ক্রমেই বেড়ে চলে। প্রণয় যে ক্রমে পরিণয়ের দিকে গড়াচ্ছে, সেই আভাসও মিলছিল। শুরুতে শোভন অস্বীকার করেন এবং সোহিনী মুখে কুলুপ আঁটেন।
নতুন খবর হলো, সব ঠিক থাকলে নাকি ১৫ জুলাই আইনি বিয়ে সারতে পারেন তারা। যদিও দুজনের কেউই এখনো এ বিষয়ে মুখ খোলেননি; বরং তারা এখন ব্যস্ত শপিংয়ে।
একাধিক সূত্র বলছে, গায়কের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলে নায়িকা নাকি এরই মধ্যে প্রথম সারির অলংকার বিপণি থেকে সোনার গয়না কিনেছেন। এ-ও শোনা গেছে, বিয়ের পর একসঙ্গে থাকবেন বলে তারা নতুন ফ্ল্যাটও কিনেছেন।
