অবকাঠামো ত্রুটি

শিকদার মেডিকেলকে সাত মাসের সময় দিলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৭ জুন ২০২৪, ০২:৩৭ এএম

ছাত্রী হোস্টেল এবং অডিটোরিয়ামসহ বিভিন্ন অবকাঠামোর ত্রুটি সাত মাসের মধ্যে ঠিক করতে রাজধানীর রায়েরবাজারে শিকদার উইমেন্স মেডিকেল কলেজ কর্র্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ ছাড়া মেডিকেল কলেজটির হাসপাতালে রোগের পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে যথাযথ নিয়মকানুন মেনে চলারও নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল বুধবার দুপুরে প্রতিষ্ঠানটিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশ দেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি মেডিকেল কলেজ বাড়ানোর পক্ষে না। যে মেডিকেল কলেজগুলো আছে, সেগুলোর মান বৃদ্ধি করতে হবে, যাতে আমরা মানসম্মত চিকিৎসক তৈরি করতে পারি, মেডিকেল কলেজগুলোতে প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত শিক্ষাজীবনে সবকিছু যাতে সুন্দর থাকে এবং শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষাটা পায়।’

এ সময় শিকদার উইমেন্স মেডিকেল কলেজ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিছু কিছু ব্যাপারে কর্র্তৃপক্ষকে আরও সতর্কতা মেনে চলতে হবে। মেডিকেল কলেজের ছাত্রীদের বাসস্থান, অডিটোরিয়ামসহ সবকিছু ঠিক করতে বলেছি। ওনারা সবকিছু ঠিক করার জন্য কিছু সময় নিয়েছেন। আশা করি নির্দিষ্ট সময়ের ভেতর তা বাস্তবায়ন করবেন।’

স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনের সময় কলেজ হাসপাতালের সার্জারি বিভাগসহ কয়েকটি ইউনিট ঘুরে দেখেন। এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ও স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

বার্ন ইনস্টিটিউটে বিনামূল্যে ব্রেস্ট ক্যানসার নির্ণয় ও চিকিৎসা : বিনামূল্যে ব্রেস্ট ক্যানসার রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য রোগীদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠাতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। গতকাল সকালে রাজধানীর হাজারীবাগে শহীদ শামসুননেছা আরজু মনি মা ও শিশু কল্যাণকেন্দ্র ১০ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় উপস্থিত নারী চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মায়েরা ব্রেস্ট ক্যানসার অবহেলা করেন। আপনাদের কাছে যখন রোগী আসবে, তখন আপনারা খেয়াল করবেন ব্রেস্টে কোনো লাম্প আছে কি না। আপনারা যদি সে রকম কোনো রোগী পান তাহলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেবেন। সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ ব্রেস্ট স্ক্রিনিংয়ের সেরা ফ্যাসিলিটি (সুবিধা) আছে। আপনারা যদি এ রকম ১০, ১৫ জন করে রোগী পাঠান, আমরা বিনামূল্যে সবধরনের টেস্ট করে তাদের চিকিৎসা করব।’

স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত