পেন পিন্টার পুরস্কার পেলেন অরুন্ধতী রায়

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৯:২৬ পিএম

বুকারজয়ী ভারতীয় লেখক ও সাহিত্যিক অরুন্ধতী রায় এ বছর ‘পেন পিন্টার’ পুরস্কার জিতেছেন। সাহিত্যে অসাধারণ প্রতিভা ও বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য এ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। 

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কমনওয়েলথের লেখকদের মধ্যে অসামান্য সাহিত্যিক কাজের পুরস্কার হিসেবে প্রতিবছর পেন পিন্টার প্রাইজ দেওয়া হয়। নোবেল বিজয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে ইংলিশ পেন সংস্থা ২০০৯ সালে বার্ষিক এই পেন পিন্টার পুরস্কার প্রবর্তন করেছিলেন।

সাহিত্যে ‘অসাধারণ প্রতিভার লেখক’ যারা বিশ্বকে ’নির্ভীক’ দৃষ্টিতে দেখেন তাদের সম্মান জানাতেই এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। আগামী ১০ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরির যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে অরুন্ধতী রায়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

অরুন্ধতী তার অনুভূতি প্রকাশ করে বলেছেন, এ বছরের পেন পিন্টার পুরস্কার পেয়ে তিনি 'আনন্দিত'। ১৪ বছর আগে করা মন্তব্যের জন্য ভারতের কর্মকর্তারা সন্ত্রাসবিরোধী আইনে অরুন্ধতি রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেওয়ার কয়েক সপ্তাহ পরে এই পেন পিন্টার পুরস্কারের ঘোষণা এলো।

অরুন্ধতী রায় ভারতের মানবাধিকারের বিষয়গুলোর পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ এবং পুঁজিবাদ সম্পর্কে লিখছেন। ৬২ বছর বয়সী অরুন্ধতী রায় একজন স্পষ্টভাষী লেখক ও সমাজকর্মী। তিনি প্রায়ই তার বক্তৃতা এবং লেখার জন্য বিভিন্ন গোষ্ঠীর কাছে হেনস্তার শিকার হন।

অরুন্ধতী রায় অসংখ্য বই এবং অ-কাল্পনিক প্রবন্ধ লিখেছেন, তবে তিনি তার উপন্যাস, দ্য গড অব স্মল থিংসের জন্য সর্বাধিক পরিচিত; যেটি ১৯৯৭ সালে বুকার পুরস্কার জিতেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত