চট্টগ্রামের রিয়াজউদ্দিন কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিহত ৩

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৭:৪২ এএম

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় রেজওয়ান কমপ্লেক্সে নামে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৮টি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে তারা হলেন— মোহাম্মদ রিদোয়ান ও সাহেদ হোসেন। অপর এক জনের নাম এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত দুই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, আগুনের খবর পেয়ে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। রাত সাড়ে তিনটার পর আরও দুটি ইউনিট যুক্ত হয়। যে এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে, সেখানে একটির সঙ্গে আরেকটি লাগানো অবস্থায় একাধিক বহুতল মার্কেট রয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয়রা জানান, রেজওয়ান কমপ্লেক্সের ব্রাদার্স টেলিকম নামে একটি দোকান থেকেই আগুনের সূত্রপাত। এরপর ওই দোকান থেকে পাশের মার্কেটেও আগুন ছড়িয়ে পড়ে। রেজওয়ান কমপ্লেক্স মার্কেটটি আটতলা বিশিষ্ট। সেখানে মোবাইলের যন্ত্রাংশসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের দোকান রয়েছে। আট তলা ভবনটিতে আগুন লাগার পর ওপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

এর আগে, চলতি বছর ৮ ফেব্রুয়ারি রাতে রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি বহুতল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। তবে সেই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত