দুর্নীতির অভিযোগ: গুরুত্বপূর্ণ সভার আগে হঠাৎ ছুটিতে ইবি রেজিস্ট্রার

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৯:৫৭ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যাংকের মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করেছে  ইউজিসি। তদন্ত চলাকালীন সময়ে কিছুদিন আগে অজ্ঞাত নারীর সঙ্গে রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে সোস্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনার পর রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি প্রদানের দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক নেতারা।

এদিকে আগামীকাল ইসলামী বিশ্ববিদ্যালয় দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল ১০টায় ৫৫তম বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজ ও বেলা ১১টায় ১২৮ তম অ্যাকাডেমিক কাউন্সিল হওয়ার কথা। কিন্তু সেই সভার আগে হঠাৎই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। যা নিয়ে শিক্ষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামীকাল অ্যাকাডেমিক সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাতে পারেন শিক্ষকরা। এছাড়াও তিনি জবাবদিহিতার মুখে পড়তে পারেন। সেই বিষয়টি বুঝতে পেরে আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন।

শিক্ষকদের দাবি, রেজিস্ট্রার পদটি বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ পদ। পদাধিকারবলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভা ও দাপ্তরিক কাজে তাকে উপস্থিত থাকতে হয়। এমন একটি পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি ও অশ্লীল ভিডিও প্রকাশিত হওয়ার পরে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া জরুরি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা করছেন না। মূলত উপাচার্যের বিরুদ্ধেও নানান সময় শিক্ষক নিয়োগ কেন্দ্রিক অডিও ফাঁস হয়েছে। তার সঙ্গে রেজিস্ট্রারও জড়িত থাকতে পারেন বলে অভিযোগ শিক্ষক নেতাদের। তাই উপাচার্য তার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম দেশ রূপান্তরকে বলেন, 'রেজিস্ট্রার ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন। একজন মানুষের তো ব্যক্তিগত অসুখ বা কাজ থাকতেই পারে। আর কালকের সভা দুটি নিয়মিত সভা।'

আপনার অনেক বিষয় রেজিস্ট্রার জানেন তাই তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এক টাকার দুর্নীতি প্রমাণ নিয়ে আসুক। শুধু অভিযোগ করলে কেউ কিছু করতে পারে না।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত