দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভুক্ত (সার্ক) দেশগুলোর জন্য নতুন মুদ্রা বিনিময় (কারেন্সি সোয়াপ) ব্যবস্থা চালু করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। গত বৃহস্পতিবার ২০২৪-২৭ সাল মেয়াদে তিন বছরের জন্য এ ব্যবস্থা চালু করা হয়েছে।
দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, ২৫ হাজার কোটি রুপির কারেন্সি সোয়াপ সুবিধা চালু করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ভারতের রিজার্ভ ব্যাংকের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে সার্কভুক্ত দেশ আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা কারেন্সি সোয়াপের সুবিধা গ্রহণ করতে পারবে। এ ছাড়া ভারতের রিজার্ভ ব্যাংক পৃথক সোয়াপ উইন্ডোর মাধ্যমে ২ বিলিয়ন মার্কিন ডলার ও ইউরোতে অদলবদল চুক্তি বজায় রাখার পরিকল্পনা করেছে। এর আগে ২০১২ সালের ১৫ নভেম্বর বৈদেশিক মুদ্রার তারল্য চাহিদা বা অর্থপ্রদানের ভারসাম্য সংকট মোকাবিলা করতে ব্যাক-আপ তহবিল সরবরাহের জন্য সার্ক কারেন্সি সোয়াপ সুবিধা চালু করে ভারত।
কারেন্সি সোয়াপ প্রথম চালু হয় ১৯৮১ সালে বিশ্বব্যাংক ও আইবিএমের মধ্যে। এটি মূলত আন্তঃদেশীয়। দুই দেশের দুই কোম্পানি বিনিময় হারের ঝুঁকি কমানো এবং অপেক্ষাকৃত কম সুদে পুঁজির সহজলভ্যতার কারণে দুই মুদ্রার এই অদলবদল সুবিধা গ্রহণ করে থাকে।
