আধিপত্যের বিরোধে রোহিঙ্গা যুবক খুন

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৩:৫৭ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সালেক (৩৫) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭৬ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক একই ব্লকের মো. নুর আলমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, রাতে মো. সালেক নিজ ঘরে ফিরছিলেন। একপর্যায়ে পথিমধ্যে বোরকা পরিহিত তিন থেকে চারজন অজ্ঞাত দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা তাকে মাথায় ধারালো অস্ত্রের কোপ এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে যায় এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। তবে তিনি পথেই মারা যান।

ওসি বলেন, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় সন্ত্রাসী দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত