যত গর্জে তত বর্ষে না প্রবাদটা বোধহয় ইংল্যান্ড ফুটবল দলের সঙ্গে ভালোভাবেই যায়। এবারের ইউরোতে অন্যতম ফেভারিট তারা। কিন্তু গ্রুপ পর্বে ইংল্যান্ডের পারফরম্যান্স সমর্থকদের করেছে হতাশ। দুই ড্র ও এক জয়ে ‘সি’ গ্রুপ থেকে গ্রুপসেরা হয়েছে গারেথ সাউদগেটের দল। তবে তিন ম্যাচে মাত্র দুটি গোলই বলে দিচ্ছে ইউরোতে ভুগছে ইংল্যান্ডের আক্রমণভাগ। শেষ ষোলোতে আজ ইংল্যান্ডের সামনে স্লোভাকিয়া চ্যালেঞ্জ।
স্লোভাকিয়া ‘ই’ গ্রুপ থেকে তৃতীয় সেরা হয়ে উঠেছে শেষ ষোলোতে। তবে ওই গ্রুপে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বেশ। চার দলেরই পয়েন্ট ছিল সমান চার করে। স্লোভাকিয়া গ্রুপ পর্বে হারিয়েছে বেলজিয়ামকে। তাই সতর্ক থাকতে হচ্ছে ইংল্যান্ডকে।
পরিসংখ্যানে ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে স্লোভাকিয়া। ফিফা র্যাংকিংয়ে ৪৫ নম্বরে থাকা দলটি ইংল্যান্ডের বিপক্ষে ছয় ম্যাচ খেলে পায়নি কোনো জয়। পাঁচটিতে হেরেছে। একটি ড্র আছে, সেটি ২০১৬ ইউরোতে।
আরেক ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও জর্জিয়া। ‘বি’ গ্রুপে ইতালি, হাঙ্গেরিকে পেছনে ফেলে সেরা হয়েছে স্প্যানিশরা। এফ গ্রুপ থেকে চার পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দলের একটি হয়ে খেলছে শেষ ষোলোতে।
