তেঁতুলিয়ায় ১৮২ মিলিমিটার বৃষ্টিপাত

আপডেট : ৩০ জুন ২০২৪, ১১:৪৬ এএম

গত ২৪ ঘণ্টায় সারা দেশেই কমবেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে আজ সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৮২ মিলিমিটার। 

এ ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টিপাতের মধ্যে ফেনীতে ১১৮, কক্সবাজারে ১০২, বাগেরহাটের মোংলা ৬৫, কুষ্টিয়ার কুমারখালীতে ৫৭, বগুড়ায় ৪৮, ঠাকুরগাঁওয়ে ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সংস্থাটি বলছে, পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আজ রবিবার (৩০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত