পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৬:৪৬ পিএম

পল্লী বিদ্যুতায়ণ বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামালের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরিবিধি এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে।

আজ সোমবার (১ জুলাই) সমিতির প্রধান কার্যালয়সহ ছয়টি জোনাল অফিস ও একটি সাব-জোনাল অফিসের কয়েকশ’ কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে যোগ দেন। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির নলজানী এলাকাস্থ প্রধান কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করা হয়। এসময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মিটার রিডার ঐক্য পরিষদের সভাপতি সোহেল রানা মিঠু, সিদ্দিকুর রহমান, ফরহাদ হোসেন, রিমা আক্তার, আল জিয়া ও সবুজ মিয়া প্রমূখ।

জানা গেছে, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী গত ৫ মে থেকে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতিতে নামেন। এসময়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ১৫ দিনের মধ্যে আলোচনায় বসে বাস্তবায়নের আশ্বাসে তারা সেসময়ে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেন। কিন্তু গত প্রায় দুই মাস অতিবাহিত হলেও ওই সমস্যার সমাধান না হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার হতে ফের কর্মবিরতি শুরু করেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীগণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন। তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

প্রতিবাদ সভায় বক্তারা স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ণ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতিকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারিদের চাকরি নিয়মিতকরণের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত