তরুণ প্রজন্ম নিজস্ব পরিকল্পনা নিয়ে কাজ করে প্রতিষ্ঠিত হতে চায়। কিন্তু অনেক সংস্থা থেকে লাইসেন্স প্রাপ্তির জটিলতার কারণে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাদের। সার্টিফিকেট সহজীকরণ ও প্রয়োজনীয় অর্থায়ন পেলে তরুণ উদ্যোক্তারা দেশে বড় অবদান রাখতে পারবে।
গতকাল সোমবার এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত তরুণ উদ্যোক্তাবিষয়ক স্ট্যান্ডিং কমিটির এক সভায় এসব বিষয় উঠে আসে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, উদ্যোক্তা হওয়ার আগে শক্তিশালী ভিশন ঠিক করে সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তাহলে এই তরুণ উদ্যোক্তারাই হবে বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন তিনি।
এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজিবুল আল-রাজিব। স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইনচার্জ মো. কাওসার আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, দেশে বিরাট সংখ্যক তরুণ জনবল রয়েছে। এটাই এ দেশের বড় শক্তি। বিশ^ব্যাপী ব্যবসা-বাণিজ্য প্রতিনিয়ত রূপান্তরিত হচ্ছে। দেশের তরুণ প্রজন্মকে এ ক্ষেত্রে অবদান রাখতে হবে।
স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইনচার্জ মো. কাওসার আহমেদ বলেন, তরুণ প্রজন্ম নিজস্ব পরিকল্পনা নিয়ে কাজ করে প্রতিষ্ঠিত হতে চায়। কিন্তু বিভিন্ন সংস্থা থেকে লাইসেন্স প্রাপ্তির জটিলতার কারণে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাদের। সার্টিফিকেট সহজীকরণ ও প্রয়োজনীয় অর্থায়ন পেলে তরুণ উদ্যোক্তারা দেশে বড় অবদান রাখতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
