পুলিশ সার্ভিসের সভাপতি

সাংবাদিকদের অনুরোধ করেছি অর্ডার করিনি

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৬:০৪ এএম

পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর সতর্কতা অবলম্বনের কথা উল্লেখ করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি পাঠানো হয় গণমাধ্যমে। সেই প্রতিবাদলিপির বিষয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও সভাপতি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেছেন, ‘প্রতিবাদের পাশাপাশি আমরা অনুরোধ জানিয়েছি। আপনাদের (সাংবাদিক) কোনো অর্ডার করিনি।’

গতকাল সোমবার সকালে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিসানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেন, ‘আমরা সবসময় বলে আসছি ব্যক্তির দায় সংগঠনের বা বাহিনীর নয়। কিন্তু পাশাপাশি অতিরঞ্জিত এবং খ-িত তথ্য থাকে। যেমন আমাদের এক কর্মকর্তার বিষয়ে বলা হয়েছিল তিনি সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন। আসলে তিনি পালিয়ে যাননি। সে কারণে প্রতিবাদের পাশাপাশি আমরা অনুরোধ জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘প্রতিবাদলিপিতে আমরা কোনো নির্দেশনা দিইনি। সাংবাদিকদের কোনো অর্ডার দেওয়া হয়নি। শুধু পুলিশ নয়, যেকোনো নিউজ করার আগে ভালো করে যাচাই-বাছাই করার অনুরোধ করেছি। এটি পেশাগতভাবে আসলে যে কেউ করতে পারে। অনুরোধ রাখা না রাখা আপনাদের বিষয়। আপনাদের শুধু অনুরোধ করেছি।’

সম্প্রতি পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়। এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত