এক ভাই বাসের চাকায় পিষ্ট, অন্য ভাই সড়কে ছিটকে পড়লেন

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৯:৩৫ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে বৃষ্টি ভেজা সড়কে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা দুজন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর মিলঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের রমজান মিয়ার ছেলে হোসাইন মিয়ে (২৩) এবং একই উপজেলার ধলারচর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রাজু শেখ (২২)। দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যান।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মালঞ্চ ক্লাসিক নামের একটি যাত্রীবাহী লোকাল বাস আলফাডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে মারা যান। একজন বাসের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপরজন সড়কে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা পালিয়ে যান।

বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়েই বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত