সাদিক অ্যাগ্রো থেকে ব্রাহমা জাতের ৬ গরু জব্দ

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০২:১৩ এএম

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাদিক অ্যাগ্রোতে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ব্রাহমা জাতের ছয়টি গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। এ সময় ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার উপস্থিত ছিলেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, সাদিক অ্যাগ্রোতে অভিযান চালিয়ে ছয়টি গরু জব্দ করা হয়েছে। এগুলো প্রাণিসম্পদ অধিদপ্তরে রাখা হয়েছে।

দুদকের তথ্যমতে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুদকের দল সাদিক অ্যাগ্রোতে গিয়ে ছয়টি ব্রাহমা গরুর সন্ধান পায়, যা যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে। ব্রাহমা গরু আমদানি নিষিদ্ধ। অভিযানের বিষয়টি টের পেয়ে সাদিক অ্যাগ্রোর মালিক ও ম্যানেজার খামার থেকে সরে যান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ব্রাহমা জাতের গরুর মাংস বেশি হয়। জাতটির উৎপত্তি ভারতে। পরে যুক্তরাষ্ট্রে আরও দুই থেকে তিনটি জাতের সংমিশ্রণে এটিকে উন্নত করা হয়। দুই থেকে আড়াই বছরের দেশি গরুর ওজন যেখানে ২৫০ থেকে ৩৫০ কেজি হয়, সেখানে ব্রাহমা জাতের গরুর ওজন হয় ৮০০ থেকে ১ হাজার কেজি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ব্রাহমা গরু বাংলাদেশে পালনের অনুমতি দেওয়া হলে দুধ বেশি দেওয়া গরুর পালন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ব্রাহমা নিষিদ্ধ করে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত