পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অনন্য অবদান রয়েছে। শুধু মুক্তিযুদ্ধেই নয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণেও পুলিশের রয়েছে ঈর্ষণীয় সাফল্য।
গতকাল বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক আর্ট গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এতে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক হাশেম খান।
সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক আর্ট গ্যালারিতে ৬১টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। দেশব্যাপী এক উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এই চিত্রকর্ম নির্বাচন করা হয়েছে। আর্ট গ্যালারি উদ্বোধনের পর অতিথিরা গ্যালারির বিভিন্ন অংশ এবং চিত্রকর্ম ঘুরে দেখেন। অনুষ্ঠানে চিত্রকর্ম প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
