পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৬:৩০ এএম

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ চলাকালে শিল্প পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকার আনোয়ার নিট কম্পোজিট পোশাক কারখানায় আন্দোলনরত উত্তেজিত শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালালে পুলিশের এক কর্মকর্তাসহ ছয়জন আহত হন।

এ ঘটনায় শিল্প পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৭০ জনকে আসামি করে মামলা করে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চার শ্রমিককে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার শিল্প পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করে। পরে আদালত তাদের কারাগারে পাঠায়।

গ্রেপ্তার চারজন হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ফুটিকা দক্ষিণপাড়া গ্রামের রুবেল মিয়া (৩২), একই গ্রামের হৃদয় মিয়া (২৫), ময়মনসিংহের পাগলা থানার গ-পাড়া গ্রামের ফারুক আহম্মেদ (২৫) ও শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝালংগা গ্রামের সাবেদুল উসলাম (২৫)। শ্রীপুর মডেল থানার এসআই ফজলুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত