বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্র সেন্টমার্টিন নিয়ে বিরূপ মন্তব্য করে। শুক্রবার (৫ জুলাই) বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠে বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের সেন্টমার্টিন থেকে শুরু করে যেকোন ব্যাপারে যারা বিরূপ মন্তব্য করে, তারা বাংলাদেশের ভালো চায় না। এরা স্বাধীনতা বিরোধী চক্র। বাংলাদেশের স্বাধীনতায় তারা চায়নি, তো বাংলাদেশের উন্নয়ন তারা চাইবে কী করে?
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তারা বলেন, প্রধানমন্ত্রী যখন ভারতে গিয়েছিলেন তখন এই রাজশাহীর ভেতর দিয়ে অনেক কানেক্টিভিটি শুধু বাংলাদেশ নয়, ভারত-নেপাল-ভূটানের কানেক্টিভিটি বাড়ানোর জন্য চেষ্টা করেছে। কানেক্টিভিটি মানেই ডেভলপমেন্ট, কানেক্টিভিটি মানেই ব্যবসা বানিজ্যের উন্নয়ন। আমি আশা করি এই কানেক্টিভিটি ব্যবহার করে রাজশাহী অঞ্চলের লোকেরা ব্যবসা বানিজ্যের উন্নয়ন করবে।
মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাশের সার্বিক উন্নয়ন যখন চিন্তা করে বিশেষ করে রাজশাহীর উন্নয়ন নিয়ে যখন উনার নির্দেশনা আমার প্রতি আছে। আমরা ইনশাআল্লাহ সেইভাবে কাজ করে যাবো।
তিনি আরো বলেন, আপনারা ইতোমধ্যে দেখেছেন, রাজশাহী বিমানবন্দরের নানামুখী উন্নয়নের জন্য কাজ করছি। এটার রায়ওয়েকে প্রসস্ত ও লম্বা করা। এটাকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা যায় কী না, বিদেশ থেকে ফ্লাইট আসবে তারও ব্যবস্থার জন্য চিন্তা ভাবনা আমার করছি। সেক্ষেত্রে এখান থেকে কার্গো নামবে। আমরা এখন ৫৫টি দেশে আম রফতানি করছি। সরাসরি আম অন্যান্য দেশে চলে যাবে।
মন্ত্রী বলেন, রাজশাহীর একটি চর উঠে এসেছে এটিকে পর্যটন নগরী তৈরি করবো। পাশাপাশি আমরা চাঁপাইনবাবগঞ্জে একটি অধুনিক রিসোর্ট নির্মাণ করবো।
অনুষ্ঠানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী—২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামাণিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মাসুদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মাদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জ ডিআইজি অনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল প্রমুখ।
বাংলাদেশ ফেস্টিভ্যালে এবার মোট ৬৭ টি স্টল রয়েছে। এই স্টলগুলোতে দেশের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। পাশাপাশি ঐতিহ্য বিষয়ক পন্যও বিক্রি করা হচ্ছে।
