পররাষ্ট্রমন্ত্রী বললেন

খালেদা জিয়া অসুস্থ হলে বিএনপি নেতারা খুশি হন

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০২:২৯ এএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আর এখন সরকার পতনের কথা বলে না। তারা এখন বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলে। বেগম খালেদা জিয়া অসুস্থ হলে বিএনপি নেতারা খুশি হন। তারা এখন তারেক-ভীতির শঙ্কায় ভুগছেন। বিএনপি মহাসচিবও সেই শঙ্কার মধ্যে আছেন।

গতকাল শুক্রবার বিকেলে রংপুর বিভাগীয় আট জেলা ও সব উপজেলার নেতাদের নিয়ে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতসহ সব অপশক্তি নির্বাচন বানচাল করতে বসেছিল। কিন্তু তাদের সেই অপচেষ্টা নস্যাৎ হয়েছে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৮১টি দেশ ও ৩২টি আন্তর্জাতিক সংস্থা অভিনন্দন জানিয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতাকর্মী। আর তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত ও দলকে ঐক্যবদ্ধ করতেই আজ দলের রংপুর বিভাগীয় এ বর্ধিত সভা। আমাদের শক্তি হচ্ছে দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিতে হবে এটাই প্রধানমন্ত্রীর বার্তা। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, জনগণের ভাগ্যোন্নয়নের জন্য আমাদের রাজনীতি। প্রধানমন্ত্রী দেশের যেকোনো দুর্যোগ দুর্বিপাকে জনগণের কাছে ছুটে গেছেন। তাই দলের নিজেদের মধ্যে সব বিভেদ, দ্বন্দ্ব ভুলে গিয়ে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. শাজাহান খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান, রংপুর বিভাগীয় সাংগঠনিক স¤পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি প্রমুখ।

ভারতকে ট্রানজিট দিচ্ছি বিধায় দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বিএনপির এমন অভিযোগ নাকচ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক বলেন, ‘আমরাও ভারতের ওপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ নিয়ে আসছি। আগামীতে ভুটান থেকে ভারতের ওপর দিয়ে জলবিদ্যুৎ আসবে। আর ঢাকা-কলকাতা, খুলনা-কলকাতা, ঢাকা-শিলিগুড়ি রুটে ট্রেন চলছে বহু বছর ধরে। নৌপথে পণ্য নিয়ে যাচ্ছে ভারত।’ তিনি আরও বলেন, ‘ভুটান ও নেপাল এবং ভারতের ওপর দিয়ে পণ্য দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ভারত সফর শেষে ফিরে আসার পর বিএনপি নানা প্রশ্ন রেখেছিল। কারণ তারা সমঝোতা স্মারক ও চুক্তির মানে বোঝে না। এর আগেও বিএনপি বলেছিল, সাবমেরিন যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে। পরে আমাদের অর্থের বিনিময়ে সাবমেরিনের সঙ্গে যুক্ত হতে হয়েছে।’

দলের গোপন কথা যারা বাইরে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করে তা রুখে দাঁড়াতে হবে বলে নেতাকর্মীদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন সবার হাতে স্মার্টফোন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী থাকাকালে দেখেছি, বিভিন্ন দলীয় মিটিং ফেসবুকে লাইভ করা হচ্ছে। তা করা যাবে না। ছবি তুলুন, কিন্তু দলীয় মিটিংয়ে সাংগঠনিক আলাপ-আলোচনার কথাগুলো ফেসবুকে প্রকাশ করা যাবে না। এখন থেকে যারা এমন কাজ করবে, তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে।

সভায় আওয়ামী লীগের রংপুর বিভাগের জাতীয় কমিটির সদস্য, জেলা, মহানগর ও উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ স¤পাদক, দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান এবং পৌরসভার দলীয় মেয়ররা অংশগ্রহণ করেন।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বছরব্যাপী সারা দেশেই নানা কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে তৃণমূলকে চাঙ্গা করতে চায় দল। শোকের মাস শেষ হলে বিভাগ ও জেলা পর্যায়ে সমাবেশের আয়োজন করা হবে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই কর্মসূচিতে যোগ দেবেন।

বর্ধিত সভার সার্বিক ব্যবস্থাপনায় থাকা সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন বলেন, ‘বর্ধিত সভা ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে এই বর্ধিত সভা বিশেষ ভূমিকা রেখেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত