ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দেশের ১৫ জেলার প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
শনিবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি।
দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ১৫ জেলা বন্যায় আক্রান্ত হয়েছে, যা পর্যায়ক্রমে বাড়ছে। অবস্থা দেখে মনে হচ্ছে এবার দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা আছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বন্যাকবলিত সব জেলায় এখন পর্যন্ত নগদ তিন কোটি ১০ লাখ টাকা, ৮ হাজার ৭০০ টন ত্রাণের চাল, ৫৮ হাজার ৫০০ বস্তা শুকনো ব্যাগ ও অন্যান্য খাবার, শিশু খাদ্য কেনার জন্য ৬০ লাখ টাকা এবং গো-খাদ্য কেনার জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পুরো ১৫ জেলার মানুষই পানিবন্দি নয়। কোনো কোনো জেলা আংশিকভাবে বন্যা কবলিত। এখন পর্যন্ত আমাদের আশ্রয়কেন্দ্রে ৩৬ হাজার ২২৩ জন আশ্রয় নিয়েছেন।
এদিকে এক মাসের মধ্যে তিন দফা বন্যায় লণ্ডভণ্ড সিলেটের ১৩ উপজেলা। দুর্গতদের সহায়তার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, সিলেট জেলা পুনর্বাসন উন্নয়ন প্রকল্প এরই মধ্যে দেওয়া হয়েছে। এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে। কাজ চলছে।
‘আর্জেন্টিনার বিপক্ষে জীবন দিয়ে খেলতে চাই’
পানির চাপে ভেঙে গেছে রাস্তা, দুর্ভোগে ১৫ হাজার মানুষ 