ভোটে প্রতিপক্ষের নির্যাতন

স্মৃতিচারণ করে মতবিনিময় সভায় কাঁদলেন এমপি

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০২:৩৮ এএম

নির্বাচনের সময় হামলা-নির্যাতনের ঘটনার স্মৃতিচারণা করে কেঁদেছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুর রউফ। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জকে হারিয়ে ওই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার কুমারখালী পৌরসভার সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে নির্বাচনের সময় ওই আসনের পোলিং এজেন্টদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে প্রায় ৪৩ সেকেন্ড ধরে কাঁদেন এমপি আব্দুর রউফ।

উপজেলায় প্রথমবারের মতো আয়োজিত এমন অনুষ্ঠানে ১০০ কেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ আওয়ামী লীগের প্রায় ৯০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় মতবিনিময়কালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের হামলা, নির্যাতন ও নিপীড়নের ঘটনার স্মৃতিচারণা করে আবেগে কেঁদে ফেলেন এমপি ও পোলিং এজেন্টরা।

সভায় পোলিং এজেন্ট নাজমুল হোসেন তার বক্তব্যে কাঁদতে কাঁদতে বলেন, ‘সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ নৌকা প্রতীকের শক্তিশালী প্রার্থী। তার বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে আমরা হামলা, নির্যাতন, নিপীড়ন ও মামলার শিকার হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। এমপির কাছে আমরা আর্থিক সহায়তা প্রদানের দাবি জানাই।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে এমপি আব্দুর রউফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও অত্যাচারীদের শত নির্যাতন সহ্য করে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ঋণ কোনো দিন ভুলব না। আপনাদের যেকোনো চাওয়া-পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের ঋণ শোধের চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘ভোটের দিন পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। পোলিং এজেন্টরা চাইলেই নিরপেক্ষ ভোট উপহার দিতে পারেন।’ সবাইকে সঙ্গে নিয়ে এলাকায় সব খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

মতবিনিময় সভায় কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জকে (সাবেক এমপি) পরাজিত করে ট্রাক মার্কা প্রতীকে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত