মানিকগঞ্জে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৫৫ জন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত মানিকগঞ্জ পৌর এলাকার বাসিন্দারা কুকুরের কামড়ে আহত হন। অপরদিকে গত শনিবার রাত থেকে রবিবার ২টা পর্যন্ত বিড়াল ও শিয়ালের কামড়ে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জ সদর হাসপাতালের টিকাদান কক্ষের দায়িত্বপ্রাপ্ত নার্স সাইফুল ইসলাম বলেন, গতকাল সকাল ৯টা থেকেই একের পর এক কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা হাসপাতালে আসতে থাকেন। দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়েছেন ৫৫ জন। তাছাড়া বিড়ালের কামড়ে ১৯ জন ও শিয়ালের কামড়ে আহত এক রোগীকে জলাতঙ্ক রোধে টিকা দেওয়া হয়েছে।
এসব রোগীর বাড়ি মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম সেওতা, উত্তর সেওতা, পশ্চিম দাশড়া, বেউথাসহ আশপাশের এলাকায় বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর হাসপাতালের টিকাদান কক্ষের দায়িতপ্রাপ্ত নার্স সাইফুল ইসলাম।
কুকুরের কামড়ে আহত সেওতা এলাকার কবরস্থানের কর্মী ঘটু মিয়া বলেন, ‘সকাল ১০টার দিকে একটি কুকুর আমাকে পায়ে কামড় দেয়। পরে আমার হাতে কামড় দিয়ে মাংস ছিঁড়ে ফেলে।’
৬৫ বছরের বৃদ্ধা সালেহা বলেন, ‘সেওতা এলাকায় আমার পায়ে একটি কুকুর কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে হাসপাতালে নিয়ে যান।’
মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, রবিবার কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা সব রোগীকে টিকা দেওয়া হয়েছে। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার অনুরোধ করা হয়েছে।
