প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে দেশের উত্তরাঞ্চল, দক্ষিনাঞ্চল ও ঢাকার সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের বাইরে অবস্থিত রেললাইনে অবস্থান নেন এবং বিক্ষোভ-সমাবেশ শুরু করেন।
এর আগে সকাল ১০ টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছোট ছোট মিছিল নিয়ে জড় হতে থাকে। পরে সাড়ে ১১ টার দিকে সবাই একযোগে মিছিল নিয়ে রেললাইনে আসেন এবং অবস্থান নেন।
বিক্ষোভ কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা চারটি দাবি উত্থাপন করেন। এগুলো হলো ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কার, কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় শূন্যপদ পূরণ; জীবদ্দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটার ব্যবহার (এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্ত); প্রতি জনশুমারির সঙ্গে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা।
