বগুড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবির সঙ্গে রথযাত্রার কোলাজ ছবি শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’
সেই পোস্টে ভক্ত অনুরাগীরা শোক প্রকাশ করেছেন। সুদীপ্ত ঘোষ নামে এক ভক্ত লিখেছেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। তবে এটা অসচেতনতার কারণেই হয়েছে। গভীরভাবে শোক প্রকাশ করছি। সঙ্গে সঙ্গে বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’ রবিবার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে রবিবার। হিন্দুরীতি অনুযায়ী, প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। আগামী ১৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
