রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের রিমান্ড শুনানির জন্য আগামী ২৩ জুলাই ধার্য করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে ইশরাকের রিমান্ড শুনানির দিন ধার্য ছিল। ইশরাকের রিমান্ড আবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে, জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও মহসিন মিয়া। আদালত সময় আবেদন মঞ্জুর করে রিমান্ডের বিষয়ে শুনানির নতুন এ তারিখ ধার্য করে।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. কবির হোসেন হাওলাদার গত ২৫ মে ইশরাক হোসেনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপর কয়েক দফা শুনানি পেছানো হয়। পরে আদালত শুনানির জন্য ৮ জুলাই তারিখ ধার্য করে।
গত ১৯ মে ১২ মামলায় জামিন চেয়ে আবেদন করেন ইশরাক। ঢাকা মহানগর দায়রা জজ ১১টি মামলায় জামিন দিলেও রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়।
