নারায়ণগঞ্জে নেশা জাতীয় দ্রব্যের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে টিকটকার স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। গতকাল মঙ্গলবার ভোরে বন্দর থানার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে অভিযুক্ত স্ত্রী শিখা খানকে (২৬) আটক করেছে পুলিশ। আটক শিখা কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মন খানের মেয়ে। তার স্বামী টিকটকার সাকিব খানকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সাকিব খানের প্রকৃত নাম সাকিল বেপারী। টিকটকার হিসেবে পরিচিতি পাওয়ার জন্য তিনি সাকিব খান নামে আইডি ব্যবহার করেন। আহত সাকিব মাদারীপুরের বাজিতপুর এলাকার মিন্টু বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব ও তার স্ত্রী শিখা ফেসবুক, টিকটক ও ইউটিউবে ভিডিও কনটেন্ট তৈরি করেন। তারা দুজনই মাদকাসক্ত। প্রায় সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি হতো।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই রাজু আহম্মেদ বলেন, ‘জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায়। গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘মধ্যরাতের কোনো এক সময় সাকিবের স্ত্রী বিয়ারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেন। ঘুমিয়ে পড়লে ভোরের দিকে তার গোপনাঙ্গ কেটে ফেলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
