পিএসসির তদন্ত কমিটি

অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি : চেয়ারম্যান

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০১:৪৫ এএম

প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। একই সঙ্গে তিনি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে পিএসসি সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেবে। কমিশনের যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুজন সদস্য হলেন কমিশনের পরিচালক দিলাওয়েজ দুরদানা ও মোহাম্মদ আজিজুল হক। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়ে পিএসসির চেয়ারম্যান বলেন, ‘প্রশ্নফাঁস নিয়ে যে ঘটনাটি ঘটেছে, তার ব্যাখ্যা আমরা দিয়েছি। তারপরও পুরো ঘটনা আরও অধিকতর তদন্ত করতে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সবগুলো পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেবে।’

সোহরাব হোসাইন বলেন, ‘যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয়, সেখানে ফাঁস করার সুযোগ খুব কম। তবে এই কার্যক্রমের সঙ্গে যেহেতু অনেকেই জড়িত থাকেন, তাই শতভাগ নিশ্চিতভাবেও বলা যায় না। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যদি কারও সম্পৃক্ততা পাওয়া যায়, সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত সিআইডি থেকে কোনো প্রতিবেদন পাইনি, তাই আনুষ্ঠানিকভাবে কোনো সাসপেন্ড লেটার তৈরি করা হয়নি। গ্রেপ্তার দেখানোর সঙ্গে সঙ্গেই তাদের সাসপেন্ড লেটার দেওয়া হবে।’

এদিকে বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দুই শতাধিক চাকরিপ্রার্থী পিএসসির সামনে বিক্ষোভ করেছেন।

গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনের সামনে এ বিক্ষোভ হয়। প্রায় ২ ঘণ্টা অবস্থান নেওয়ার পর পিএসসির চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও দেন বিক্ষোভকারীরা। এ সময় ১৫ দিনের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। তারা দাবি করেছেন, ৫ জুলাই অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিল করে পুনরায় নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান বলেন, রেলপথ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়টি যদি প্রমাণিত হয়, তবে সেটি বাতিল করা হবে। তবে আগের পরীক্ষাগুলো নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

৫ জুলাই বাংলাদেশ রেলওয়ের নন-ক্যাডার ‘উপসহকারী প্রকৌশলী’ পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় বলে অভিযোগ ওঠে।

প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গত সোমবার পিএসসির দুই উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত