ময়মনসিংহের হালুয়াঘাটে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করে পুলিশ।
ইসমাঈল হালুয়াঘাট উপজেলার কালিয়ানী কান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটরের কাজ করেন।
হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, গত সোমবার রাতে এক নারীর অভিযোগের ভিত্তিতে ইসমাঈল হোসেনকে আটক করা হয়েছে।
ওই নারী অভিযোগে উল্লেখ করেন, আনুমানিক এক বছর আগে ইসমাইল তাকে বিয়ে করেন। তবে বাড়িতে তুলে নেননি। তাকে অনেকবার বলার পরও কোনো পাত্তা না দেয়ায় তিনি (নারী) ধর্ষণের অভিযোগ করেন।
এসআই মো: সাইদুজ্জামান আরো বলেন, ইসলামইল হোসেন বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তবে ওই নারী এখনো বিয়ের কোনো কাগজ দেখাতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
