জলভরা দিনগুলো

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২:১১ এএম

জলভরা দিনগুলো খুব টানে কাছে

কী আজব মায়া এক ওইখানে আছে!

মাঠঘাট জলে জলে সমানে সমান

আষাঢ়-শ্রাবণ এলে মেলে সে প্রমাণ।

বর্ষায় সাজে দেশ সাগরের মতো

বৃষ্টির জলধারা চলে অবিরত।

আকাশে ঘনায় মেঘ সারা দিনমান

তরু-লতা পায় যেন নবতর প্রাণ।

নদী-নালা, খাল-বিলে যৌবন ফিরে

কদম হিজল বেলি ফোটে বন ঘিরে।

মাঝে মাঝে ভাসে দেশ অকালের বানে

বাড়িঘর মাঠ ধসে, ভাঙনের টানে।

পেয়ারা বাতাবি লেবু আমড়া ও জাম

বর্ষা ঋতুর গায়ে মোড়ে ভিন খাম।

শাপলা পদ্ম ফোটে দীঘি জলা বিলে

করবী কলমি কেয়া হেলেঞ্চা ঝিলে।

মুখে হাসি কৃষকের, ফুরফুরে মন

ফসলের চারা বোনা করে আয়োজন।

খাল বিল জলাধারে মাছেদের মেলা

ভাবে মনে জেলেভাই, জমে যাবে খেলা।

বর্ষা স্বরূপে প্রাণে পূর্ণতা আনে

দিনরাত ভরে দেয় বৃষ্টির গানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত