ভেন্ডিং মেশিনে করে তো কত কিছুই বিক্রি হয়ডিম, দুধ, জুস, কোমল পানীয়, স্যান্ডউইচ। কিন্তু বুলেট বিক্রি হবে এমনটা কি ভেবেছিল কেউ কখনো? হ্যাঁ, এ ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির অ্যালাবামা, ওকলাহোমা ও টেক্সাস অঙ্গরাজ্যের গ্রোসারি স্টোরে বুলেট কেনার সুবিধাযুক্ত ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। এসব ভেন্ডিং মেশিন থেকে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টাই বুলেট কেনা যাবে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, অ্যামিউনিশন বা ‘গোলাবারুদ’ বিক্রির ভেন্ডিং মেশিন বসানোর এ উদ্যোগ নিয়েছে টেক্সাসভিত্তিক কোম্পানি আমেরিকান রাউন্ডস। বন্দুকজনিত সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কায় কোম্পানিটির এ উদ্যোগ সমালোচনার শিকারও হয়েছে।
অন্যদিকে আমেরিকান রাউন্ডস বলছে, তাদের এ উদ্যোগ বুলেট কেনা আরও সহজ করে দেবে। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, তাদের ‘গোলাবারুদের ডিসপেন্সার’ মানুষকে লম্বা লাইনে না দাঁড়িয়ে, তাদের পছন্দসই যেকোনো সময়ে ইচ্ছামতো বুলেট কেনার সুযোগ করে দেবে।
ওকলাহোমা, অ্যালাবামা ও টেক্সাসের আধডজন জায়গায় বসানো হয়েছে মেশিনগুলো। যুক্তরাষ্ট্রের এই তিন রাজ্যে বন্দুক কিনতে কোনো লাইসেন্সের দরকার পড়ে নাবন্দুকের মালিকদের লাইসেন্স নেওয়ার বা তাদের আগ্নেয়াস্ত্র নিবন্ধন করানোরও প্রয়োজন পড়ে না।
আমেরিকান রাউন্ড বলছে, তাদের ভেন্ডিং মেশিনে ‘সর্বোচ্চ’ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই মেশিনে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ‘কার্ড স্ক্যানিং ও ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার’ আছে। এসবের সাহায্যে অত্যন্ত যত্নসহকারে ‘দ্রুত ও সহজে’ প্রতিটি ক্রেতার ‘পরিচয় ও বয়স যাচাই করা হয়’।
আমেরিকান রাউন্ডসের সিইও গ্র্যান্ট মেগার্স জানিয়েছেন, ভেন্ডিং মেশিন থেকে বুলেট কেনার জন্য ক্রেতার বয়স ফেডারেল আইন অনুযায়ী, অন্তত ২১ বছর হতে হবে। আর বয়স নিশ্চিতের জন্য ক্রেতাকে তার ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করতে হবে; সঙ্গে ফেসিয়াল স্ক্যান তো আছেই। মাত্র দেড় মিনিটেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে জানান মেগার্স।
যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, শটগান ও রাইফেলের বুলেট কেনার জন্য ক্রেতার বয়স যথাক্রমে ন্যূনতম ১৮ ও ২১ বছর হতে হবে।
তবে এই উদ্যোগের সমালোচনা করে অলাভজনক সংস্থা এভরিটাউন ফর গান সেফটির ভাইস প্রেসিডেন্ট নিক সাপলিনা এপি নিউজকে বলেন, ভেন্ডিং মেশিনে বুলেট বিক্রির মতো উদ্ভাবনী উদ্যোগ ‘বন্দুকের দোকানে নিরাপত্তা জোরদার করবে, মানুষ যেখানে বাচ্চার জন্য দুধ কিনতে যায়, সেখানে পারবে না।’
