অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে ডেসকোর অভিযান

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৬:৩৮ পিএম

বিদ্যুতের বকেয়া বিল আদায় ও সিস্টেম লস কমিয়ে আনতে সোমবার রাজধানীর তিনটি স্থানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। প্রতিষ্ঠানটির নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

ডেসকো’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগারগাঁয়ে ৯৬ নং পশ্চিম কাফরুল তালতলা কাঁচাবাজারে হাজী মো. আবুল বাশার তার নামে নেওয়া দুটি মিটার থেকে বাইপাস লাইন করে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। এ সময় ডেসকো’র টিম মিটার বক্স ভেঙে দেখেন, গ্রাহকপোল থেকে আসা লোকাল সার্ভিস তার কেটে আলাদা বৈদ্যুতিক তারের মাধ্যমে বাইপাস সংযোগের মাধ্যমে কাঁচাবাজার হাজী আবুল মার্কেট এবং একটি খাবারের হোটেলে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তাৎক্ষণিক লাইনটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া শ্যামলী ২নং রোডে পাঠানগলিতে মিটারবিহীন লাইন দেখা যায়। তবে স্থাপনা খুঁজে পাওয়া যায়নি। সেখান থেকে ২ কেজি তার জব্দ করা হয়। এদিকে বিএনপি বাজার মুরগির মার্কেটে মিটারবিহীন লাইন পাওয়া যায়। সার্ভিস তার কেটে হুকিংয়ের মাধ্যমে এখানে অবৈধ সংযোগ পাওয়া যায়। কোন নির্দিষ্ট স্থাপনা না পাওয়ায় সতর্কতা নোটিস দেওয়া হয় এবং ১৩ কেজি তার জব্দ করা হয়।

এ বিষয়ে ডেসকোর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মীর নাহিদ আহসান বলেন, ‘অবৈধ সংযোগ বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে। রাতের আঁধারে কিংবা মধ্যরাতে কিছু অসাধু চক্র অবৈধভাবে হুকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে থাকে। আমাদের টিম রাতেও নিয়মিত টহলে থাকে। তারপরও চক্রগুলো সুযোগ পেলেই এ ধরনের কাজ করে থাকে। আমি এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার অনুরোধ করছি এবং কেউ যদি এধরনের কাজ দেখে থাকেন তাহলে আমাদের ডেসকোর কল সেন্টারে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব। তথ্যদানকারীর পরিচয় গোপন করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত