কক্সবাজারের মাতারবাড়িতে বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও ইন্দোনেশিয়ার পিটি পারতামিনা পাওয়ার যৌথভাবে ৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র করবে। সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
বর্তমানে মাতারবাড়িতে কোল পাওয়ারের ১২০০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লা বিদ্যুৎকেন্দ্র রয়েছে। জাইকার আর্থিক সহায়তায় জাপানি প্রতিষ্ঠান কেন্দ্রটি নির্মাণ করেছে। সেখানে আরও একটি ১২০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা থাকলেও পরিবেশের ক্ষতির কথা বিবেচনায় জাইকা অর্থায়ন না করার সিদ্ধান্ত নেওয়ায় দ্বিতীয় কেন্দ্রটি এখন অনেকটাই অনিশ্চিত। তবে সেখানে পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দুই দেশের সমান অংশীদারিত্বে একটি কোম্পানি গঠনের পর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু হবে। কেন্দ্রটির জন্য প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থের প্রয়োজন, যেটি ইন্দোনেশিয়ান কোম্পানি জোগাড় করবে। দেশের নবায়নযোগ্য জ্বালানিতে এটি একটি বড় প্রকল্প হবে।
তিনি বলেন, পরিস্কার ও সবুজ জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদনকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। বর্তমানে ১১টি সৌরভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ৪৭টি প্রকল্প হতে ৩৭৪৯ মেগাওয়াট ও প্রক্রিয়াধীন ৭৯টি প্রকল্প হতে ৯৩১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি খাতে চলমান প্রকল্পগুলোর মধ্যে ৯টি পিপিএ-আইএ স্বাক্ষরিত প্রকল্পের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৬৯ মেগাওয়াট। বেসরকারি খাতে চলমান প্রকল্পগুলোর মধ্যে ২৯টি এলওআই স্বাক্ষরিত প্রকল্পের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৬০৮ মেগাওয়াট। এর পাশাপাশি ভারত, নেপাল ও ভুটান থেকেও নবায়নযোগ্য উৎস থেকে উৎপন্ন বিদ্যুৎ আমদানির প্রচেষ্টা চলছে। সেই সঙ্গে নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও স্বল্প জায়গায় কিভাবে বেশি নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ উৎপাদন করা যায় তা নিয়েও আমরা কাজ করছি।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান বলেন, মাতারবাড়িতে সৌরবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি প্রস্তুত আছে। ফলে দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রের নির্মাণ কাজ শেষে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আমরা আশা করতে পারি।
অনুষ্ঠানে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং পারতামিনা পাওয়ার ইন্দোনেশিয়ার পক্ষে স্ট্র্যাটেজিক পরিচালক ফাদলি রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হারতান্তো সুবুলো।
জাবিতে ছাত্রলীগের হামলায় আহত অর্ধশতাধিক শিক্ষার্থী
আন্দোলনকারীদের ওপর নারকীয় হামলায় প্রতিবাদ জানাল এবি পার্টি