বাম জোটের বিবৃতি

আন্দোলন দমাতে নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৭:১৯ এএম

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আদালতের দোহাই দিয়ে সময়ক্ষেপণ না করে কোটা সংস্কারের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান জোটের নেতারা। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও দাবি জানানো হয়।

কোটাপদ্ধতি সংস্কারের দাবি যৌক্তিক উল্লেখ করে বিবৃতিতে জোটের নেতারা বলেন, সমাজের বিভিন্ন অনগ্রসর অংশকে বিশেষ সুবিধা দিয়ে মূল স্রোতে নিয়ে আসার জন্য বিশ্ব জুড়েই কোটাব্যবস্থা চালু আছে। সমাজের নারী, প্রতিবন্ধী, আদিবাসীসহ অনগ্রসর শ্রেণির জন্য কোটাপদ্ধতি থাকা প্রয়োজন। কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদের সুবিধা দেওয়ার নামে ৩০ শতাংশ কোটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আন্দোলনকে দমন করতে সরকার নির্যাতনের পথ বেছে নিয়েছে উল্লেখ করে জাটের নেতারা বলেন, নির্যাতনের নগ্ন প্রকাশ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা।

বিবৃতিদাতারা হলেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ, সিপিবির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত