গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৭:২৭ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইব্রাহীম সরকার (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইব্রাহীম ওই গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি খাগকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারীর স্বামী জীবিকার তাগিদে বাড়ি থেকে দূরে থাকায় তিনি তার ছেলেমেয়েকে নিয়ে চার মাস আগে বাবার বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়ির পাশে ইব্রাহীম সরকারের বাড়ি। গত শনিবার বিকেলে শয়নকক্ষে ঢুকে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালান ইব্রাহীম। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইব্রাহীম ওই নারীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, ওই গৃহবধূ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বিকেলে আসামি ইব্রাহীমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত