এবার শিক্ষার্থীদের মেস ছাড়ার নির্দেশ

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৪:৪৩ পিএম

শিক্ষার্থীদের রাজশাহী শহরের মেস ও বাসা ছেড়ে যাবার জন্য নির্দেশনা দিয়েছেন মহানগর মেস মালিক সমিতি। আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার মধ্যে সকল ছাত্রাবাস-ছাত্রীনিবাস, ফ্লাট-বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের এ নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এএসএম ওমর শরীফ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক কায়সান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার প্রেক্ষিতে রাজশাহী মহানগর মেস মালিক সমিতি উদ্ভূত এই সমস্যার কারণে গভীর উদ্বেগের সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে যে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে রাজশাহী মহানগরীর সব ছাত্রাবাস-ছাত্রীনিবাস এবং ফ্ল্যাট-বাসায় অবস্থানরত শিক্ষার্থীদের বুধবার দুপুর ১২টার মধ্যে সকলকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। বুধবার দুপুর ১২টার পর কোনোক্রমেই মেস কিংবা বাসা-বাড়িতে শিক্ষার্থীদের অবস্থান করা যাবে না। সংকট প্রশমিত হলেই কর্তৃপক্ষ পুনরায় নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ বিষয়ে রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান বলেন, রাজশাহী নগরীতে প্রায় ৫০ হাজারেরও বেশি মেস আছে। এমন পরিস্থিতিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা সকল মেস মালিককে বলে দিয়েছে। অনির্দিষ্টকালের জন্য রাজশাহীর মেস মালিকগণ তাদের মেস বন্ধ রাখবে।

এদিকে, বুধবার দুপুরের পর খোজ নিয়ে জানাগেছে, নগরীর বেশিরভাগ মেস ও বাসা বাড়িতে ছাত্রছাত্রীরা অবস্থান করছেন। তবে, শিক্ষার্থীরা বলছেন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সেহেতু মেসে থেকে আর লাভ কী?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত