ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ফের সংঘর্ষ হয়েছে পুলিশের। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। আজ বুধবার বিকেলে নীলক্ষেত মোড়ে এ ঘটনা ঘটেছে।
এর আগে ঢাবির মলচত্বর থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়তে ছুড়তে মাস্টারদা সূর্য সেন হলের সামনে অবস্থান নেয় ৩ শতাধিক পুলিশ। এ সময় ২৫-৩০ টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।
এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে সেখানেও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশের সঙ্গে টিকতে না পেরে বিকেল সাড়ে ৫টার দিকে বিচ্ছিন্ন হয়ে যায় শিক্ষার্থীদের জমায়েত। ওই এলাকার হলগুলোর ভেতরে চলে যান শিক্ষার্থীরা।
এক পর্যায়ে সূর্যসেন হলের সামনে এসে অবস্থান নেয় পুলিশ। পরে ৬টা ৩৫ মিনিটের দিকে সেখান থেকে পুলিশ সদস্যরা ভিসি চত্বরের সামনে গিয়ে অবস্থান নেন।
